বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সাভারের আশুলিয়ায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন—সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও সুরাহা (৩)। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের দুই তলায় পরিবার নিয়ে বসবাস করেন পোশাক শ্রমিক সুমন। সেদিন তার ভাই সোহেল পরিবারসহ বেড়াতে আসেন। আনন্দঘন পরিবেশে ঘরোয়া আয়োজনে পিঠা বানানোর সময় আকস্মিক বিস্ফোরণে ঘরজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরের ভেতরে থাকা নারী ও শিশুরা দগ্ধ হন।
ভুক্তভোগী সোহেল রানা বলেন, “শবে বরাতের রাতে আমরা আনন্দ করছিলাম, কিন্তু মুহূর্তেই সব ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হলো। পিঠার ঘ্রাণের বদলে আগুনের লেলিহান শিখা আমাদের ঘিরে ফেলে।”
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ডিউটি ম্যানেজার হারুন অর রশিদ জানান, “রাত সাড়ে ১০টার দিকে ১১ জন দগ্ধ রোগীকে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।”
এই মর্মান্তিক দুর্ঘটনায় আশপাশের মানুষ হতবাক। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতনতা জরুরি, নতুবা এ ধরনের বিপর্যয় থামানো কঠিন হবে।