শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার পদত্যাগের পর আদ্-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক হিসেবে অধ্যাপক জামালুন্নেসা দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক-কোম্পানি অ্যাফেয়ার্স তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে টানা ২৫ বছরেরও বেশি সময় শিক্ষকতা করার পর সম্প্রতি স্বেচ্ছায় অবসরে গেছেন। তিনি ১৯৮৮ সালে একই বিভাগের মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
এতে আরও বলা হয়, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের মতো প্রতিষ্ঠানও গভীর শোক প্রকাশ করছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কয়েকজন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তদারকি কার্যক্রম আরও শক্তিশালী করা এবং বিদ্যমান প্রোটকল পুনর্মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুসারে হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে। ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আলো-বাতাসের সুষ্ঠু চলাচল এবং অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে তিনজন স্বাধীন কনসালটেন্টের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংস্কার ও পরিমার্জনের কাজ চলছে। একই সঙ্গে কর্পোরেট অফিসের ওপরে থাকা বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বৃদ্ধিমূলক নানা প্রকল্প পরিচালনা করে আসছে। বর্তমানে তাদের অধীনে রয়েছে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, ১টি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, ১টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ১টি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম।
শুধু আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজারে গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ জন রোগী চিকিৎসাসেবা পেয়েছেন। ১১ জুন ২০২৬ পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা গ্রহণ করেছেন। বর্তমানে এই হাসপাতালে এক হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মরত কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যাদের অধিকাংশই নারী।
বর্তমানে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এছাড়া দুই সহস্রাধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীর শিক্ষা ও পেশাগত ভবিষ্যৎ এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।
বিজ্ঞপ্তির শেষাংশে আদ্-দ্বীন কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিরাপত্তা বজায় রাখা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় তারা সর্বোচ্চ অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।