মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের অভিযাত্রা বাধাগ্রস্ত হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ ঘটতে পারে—এটি দেশের জন্য বড় বিপদের ইঙ্গিত।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন কর্মসূচি উপলক্ষে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
রিজভী বলেন, উন্নত গণতান্ত্রিক দেশগুলো—যেমন ব্রিটেন, আমেরিকা বা জাপান—এখনও সরাসরি ভোট প্রক্রিয়াকে শ্রেষ্ঠ গণতন্ত্রের প্রতিফলন হিসেবে ধরে রেখেছে। সেখানে আনুপাতিক প্রতিনিধি (পিআর) পদ্ধতি নিয়ে নানা বিতর্ক ও সীমাবদ্ধতা রয়েছে। অথচ হঠাৎ করে বাংলাদেশে এটি চালুর দাবি উঠেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
তিনি প্রশ্ন তোলেন, “জামায়াতে ইসলামী এই পদ্ধতিকে উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল বলছে—তারা আসলে কী উদ্দেশ্যে এটি বলছে? এখানে অন্য কোনো গোপন পরিকল্পনা আছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।”
রিজভী আরও বলেন, “গণতন্ত্রের যাত্রাপথে যদি বিভ্রান্তি বা বাধা আসে, তাহলে কালো ঘোড়া প্রবেশ করতে পারে—অর্থাৎ অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটতে পারে।”
গণভোট ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হলে রোজার আগে গণভোট আলাদা করে করা সম্ভব নয়। তাই একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনই যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য হবে।
তিনি আরও বলেন, দেশে এখন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট গভীর হচ্ছে। বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। নির্বাচিত সরকার না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারিয়েছেন। তাই জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তর না করলে পরিস্থিতি আরও জটিল হবে।