বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
রাজনীতিতে নাম লেখাবেন না তামিম, বোর্ড সভাপতির প্রশ্নে রহস্যময় জবাব!
জাতীয় দলের হয়ে খেলার সময়ই রাজনীতিতে যুক্ত হয়েছিলেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্যও হয়েছেন তাঁরা। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নানা বিতর্কে জড়িয়েছেন এই দুই তারকা। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবাল কি রাজনীতির মঞ্চে নাম লেখাবেন?
বিপিএলে দলকে চ্যাম্পিয়ন করার পর সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হন তামিম। সোজাসাপ্টা উত্তর, ‘রাজনীতিতে… এখন তো আমি রিটায়ার্ড, যদিও আসিও, এখন ওই আলোচনাটা হবে না… তবে আল্লাহর রহমতে এ রকম কোনো প্ল্যান নেই।’
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়া নিয়ে তাঁর অবস্থান কি? এমন প্রশ্নে তামিমের রহস্যময় জবাব, ‘ওটা দেখা যাক।’
ম্যাচ নিয়ে বলতে গিয়ে উচ্ছ্বসিত ছিলেন দেশসেরা এই ওপেনার। বললেন, ‘ফিলিংটা দুর্দান্ত! ওরা যেভাবে শুরু করেছিল, মনে হচ্ছিল ২২০-২৫ রান চেজ করতে হতে পারে। কিন্তু শেষ ৩-৪ ওভারে আমাদের বোলাররা অসাধারণ পারফর্ম করেছে। আমরা খুব বেশি রান দেইনি, বাউন্ডারিও আটকে রেখেছি। আমাদের হিসাবে অন্তত ২০ রান কম করেছে তারা। এই উইকেটে ভালো শুরু করতে পারলে রানটা টপকানো সম্ভব ছিল।’
তামিমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জল্পনা এখনই থামার নয়, বিশেষ করে বিসিবিতে তাঁর সম্ভাব্য ভূমিকা নিয়ে। সময়ই বলে দেবে, মাঠের নেতা তামিম কি প্রশাসনিক মঞ্চেও সফল হবেন কি না!