মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিক (৩৫)-এর মৃত্যুর ঘটনায় তার স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার (১২ জুন) দুপুরে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন আসমা ঝিলিক। পরে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা অভিযোগ করে আসছেন, পারিবারিক বিরোধের জেরে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মোজাম্মেল হক ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সাইফুল্লাহকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠায়।
ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসাইন গণমাধ্যমকে জানান, পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করায় অভিযুক্ত হিসেবে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আসমা ঝিলিকের মৃত্যু হত্যাকাণ্ডের ফল নাকি দুর্ঘটনাজনিত কারণে হয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
আসমা ঝিলিক নাটক ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন।