শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সচেতন চালক মানেই নিরাপদ সড়ক—খুলনায় প্রশিক্ষণে দারুণ বার্তা!
মামুন মোল্লা খুলনা জেলা
খুলনা বিআরটিএতে অনুষ্ঠিত হলো ২০২৪-২৫ অর্থবছরের চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। ২৪শে এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১টায় বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে ও মোটরযান পরিদর্শক সাইফুল ইসলামের সঞ্চালনায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বিআরটিএর পরিচালক (ইঞ্জি:) মো: জিয়াউর রহমান পিএএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএর ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মেজবাহ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলম, মোটরযান পরিদর্শক সাইফুল রহমান, উচ্চমান সহকারী রেজওয়ানুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রায় ২০০ জন পেশাজীবী চালককে নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণে তুলে ধরা হয় কিভাবে সঠিক কাগজপত্র, যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ ইত্যাদি বজায় রাখা দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক।
সহকারী পরিচালক উসমান সরওয়ার আলম বলেন, ‘‘জীবনের মূল্য সময়ের চেয়ে বেশি, গাড়ি চালানোর সময় এই কথাটি মনে রাখতেই হবে।’’
প্রধান অতিথি জিয়াউর রহমান চালকদের উদ্দেশ্যে বলেন, ‘‘যদি কেউ আপনাকে ওভারটেক করতে চায়, তাকে সুযোগ দিন। কারণ একদিন আপনাকেও কেউ সেই সুযোগ দিতে পারে।’’
তিনি আরও বলেন, চালকদের সব সময় যাত্রী ও সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কারণ একটি হাসিমুখ অনেক দুর্ঘটনা ঠেকাতে পারে।