বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
আওয়ামী লীগ সরকারের পতনের পরই গা ঢাকা—শেষমেশ ঢাকায় ধরা পড়লেন বগুড়ার প্রভাবশালী পিতা-পুত্র আওয়ামী লীগ নেতা!
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ (৬৫) এবং তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুরুজ উদ্দিন কবিরাজ (৪০)–এই দুই প্রভাবশালী নেতাকে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই হেলাল ও সুরুজ আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে হেলালের নামে পাঁচটি এবং সুরুজের নামে চারটি মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাদের বগুড়ায় আনা হচ্ছে।