বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
ঈদে কড়া নিরাপত্তায় নৌবাহিনীর নজরদারি, ৮৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ!
বনি আমিন ৷ মনপুরা উপজেলা প্রতিনিধি
অদ্য ৩০ মার্চ ২০২৫: আসন্ন ঈদুল ফিতরে জননিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ মিশনের আওতায় নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে একের পর এক সফল অভিযান চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালের ২০ জুলাই থেকে বর্তমান সময় পর্যন্ত নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা মাদক, অস্ত্র, অবৈধ কারেন্ট জাল, মা ইলিশ সংরক্ষণ ও ঝাটকা নিধন প্রতিরোধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে।
আসন্ন ঈদ উপলক্ষে, নৌবাহিনী কন্টিনজেন্ট মনপুরা ও মনপুরা থানা পুলিশের যৌথ উদ্যোগে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় নিরাপত্তা জোরদার করতে চেকপোস্ট বসানো হয়েছে। এতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর তল্লাশি ও টহল ব্যবস্থা কার্যকর রয়েছে। নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার জানিয়েছেন, ঈদের দিনেও এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
এছাড়া, চলমান জাটকা নিধন প্রতিরোধ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ৮৩ কোটি ১২ লাখ টাকার অবৈধ জাল ও ঝাটকা মাছ জব্দ করেছে, যা সামুদ্রিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ মিশনের অধীনে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত অভিযান চলমান থাকবে, যা জননিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।