বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
গ্রামের বাড়িতেও রক্ষা পেলেন না দোলনা আক্তার, ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার
ঢাকা থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে পালিয়েও শেষরক্ষা হলো না কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারের (২৭)। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে তাকে নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
দোলনা আক্তার ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের বাসিন্দা দুলাল হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। তবে সাম্প্রতিক ‘ডেভিল হান্ট’ অভিযানের কারণে গ্রেপ্তার এড়াতে তিনি গ্রামের বাড়িতে আশ্রয় নেন। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে রবিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ গণমাধ্যমকে জানান, গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দোলনা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে হাজির করে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।