রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
রাজধানী ঢাকার বাংলা কলেজ সংলগ্ন এলাকায় ভাসমান চা বিক্রেতা ৬ বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় (১৭ মার্চ ২০২৬) রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’র নেতাকর্মীরা এই উপহার পৌঁছে দেন।
এসময় সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
‘আমরা বিএনপি পরিবার’র প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্য নতুন পোশাক, জুতা, কসমেটিক্স এবং তার নানির জন্য শাড়িসহ ‘ঈদের উপহার’ প্রদান করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ‘ঈদ শুভেচ্ছা’ পৌঁছে দেন।
উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চায়ের দোকানে নানিকে সহায়তা করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় ফাতেমা আহত হয়। পরে ঘটনাস্থলে ডিউটিরত এক পুলিশ সার্জেন্ট শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।