বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
পাঁচ মাস পর কুয়েটে ফিরল শিক্ষার আলো!
অনলাইন ডেস্ক
দীর্ঘ পাঁচ মাস অচলাবস্থার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ফের ফিরছে স্বাভাবিক ছন্দে। আগামী মঙ্গলবার (২৯ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম।
সোমবার (২৮ জুলাই) সকালে আন্দোলন তিন সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেয় কুয়েট শিক্ষক সমিতি। এরপরই সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ জারি করেন।
জানা গেছে, নিয়োগ পাওয়ার পরদিনই খুলনায় এসে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক হেলালী। দায়িত্ব নেয়ার পর তিনি টানা বৈঠক করেন অনুষদের ডিন, লেকচারার, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও শিক্ষার্থীদের সঙ্গে। এরই মাঝে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের সঙ্গেও আলোচনায় বসেন।
এই ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস ফিরে এসেছে। দীর্ঘ পাঁচ মাস একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কেউ কেউ বলছেন, দেশজুড়ে অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ে তারা অনেকটাই পিছিয়ে গেছেন।
১৯তম ব্যাচের শিক্ষাজীবন মার্চে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। আবার নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরাও এখনও ক্লাসে প্রবেশ করতে পারেননি, যার ফলে অভিভাবকদের মাঝেও দেখা দিয়েছে চরম হতাশা।
কুয়েটের শিক্ষার্থী স্বর্ণ রাজ গণমাধ্যমকে বলেন, ‘পাঁচ মাসের বন্ধে আমরা এক সেমিস্টার পিছিয়ে গেছি। চরম অনিশ্চয়তার মধ্যে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম।’
আরেক শিক্ষার্থী আরশাদ হোসেন বলেন, ‘শুধু পড়ালেখার ক্ষতি নয়, বরং ক্যারিয়ার ও রিসার্চেও ছেদ পড়েছে। এখন আবার ক্লাসে ফিরতে পারব ভেবে আনন্দ হচ্ছে।’
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন গণমাধ্যমকে জানান, উপাচার্যের দেওয়া আশ্বাসের ভিত্তিতে আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছে। প্রশাসনের নির্দেশনার পর শিক্ষকরা ক্লাসে যোগ দেবে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
উপাচার্য অধ্যাপক হেলালী বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হয়েছে। ক্লাস এবং তদন্ত একসঙ্গে চলবে। তাই মঙ্গলবার থেকে একাডেমিক কার্যক্রম চালু করতে নির্দেশ দিয়েছি।’
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে ঘিরে সংঘর্ষে আহত হন শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে উপাচার্য ও সহ-উপাচার্য অপসারণ করেন সরকার। এরপর শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচারের দাবিতে শিক্ষক সমিতি ৪ মে থেকে ক্লাস বর্জন করে। এরপর ২২ মে অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক হজরত আলী পদত্যাগ করেন।
সরকার ১০ জুন নতুন উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত বৃহস্পতিবার বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালী কুয়েটের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পান।