মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
নগদে নতুন নেতৃত্ব, স্বচ্ছতা ফেরাতে আসছে কড়া নজর!
অনলাইন ডেস্ক
ডাক বিভাগের অধীনস্থ ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর ব্যবস্থাপনা বোর্ড পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কায়জার আহমেদ চৌধুরীকে নতুন চেয়ারম্যান করে ৭ সদস্যের একটি নতুন পরিচালনা পর্ষদ অনুমোদন দেওয়া হয়েছে।
২৩ জুন ডাক বিভাগের মহাপরিচালকের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।
পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন- মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসরিয়াল ফেলো নিয়াজ আসাদুল্লাহ, আগের বোর্ডের পিআরআইয়ের গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন।
এ ছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেইন শাওন, ডাক বিভাগের মহাপরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ঋণ ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব পদাধিকার সদস্য হিসেবে যুক্ত থাকবেন।
উল্লেখ্য, নগদের পরিচালনায় জড়িত আগের পরিচালনা বোর্ডের সদস্যরা গত বছরের ৫ আগস্ট দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ করে এবং সেপ্টেম্বরে বিআইডিএসের সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদকে চেয়ারম্যান করে ৫ সদস্যের অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে।
তবে সেই প্রশাসক নিয়োগের বৈধতা আদালতে চ্যালেঞ্জ করা হলে, দীর্ঘ শুনানি শেষে আদালত বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই বহাল রাখে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডাক বিভাগের অনুরোধে বাংলাদেশ ব্যাংক নতুন এই পরিচালনা বোর্ড অনুমোদন করেছে।
চিঠিতে বলা হয়েছে, ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে নতুন বোর্ড গঠন করা হলো। এতে আরও উল্লেখ আছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নতুন এ বোর্ডের মাধ্যমে নগদের স্বচ্ছতা ও দক্ষতা আরও বাড়বে বলে আশা করছে।