শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
“যশোরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত: পঙ্গু হাসপাতালের সামনে নিহত সাদি, শত্রুতার জেরে গুলি!”
যশোর শহরের রেল রোড এলাকার পঙ্গু হাসপাতালের সামনে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন সাদি (৩৫) নামে এক যুবক। সোমবার রাত বারোটার দিকে রেলগেটের অদূরে ঘটে এ চাঞ্চল্যকর ঘটনা। নিহত সাদি রেল রোড এলাকার শওকত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে রেল স্টেশন এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজ মেন্সেল বাহিনীর সদস্য ট্যাটু সুমন, আসিফ মেহেদিসহ কয়েকজন সাদিকে লক্ষ্য করে ৭-৮ রাউন্ড গুলি করে। এর মধ্যে দুটি গুলি তার শরীরে লাগে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা জানান, সাদির অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে, অ্যাম্বুলেন্সে রওনা দেওয়ার সময় সাদির মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম সাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, তার বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে।
এ ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ এখনও নিশ্চিত হয়নি, তবে অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, রেল স্টেশন, রেলবাজার, রেলগেট, শংকরপুরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মেন্সেল বাহিনী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর আগেও, রেলবাজার এলাকার হাজার হাজার ব্যবসায়ী এই সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং তাদের গ্রেফতার দাবি করেন। তবে, প্রশাসন এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি।