শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
হাড়হিম করা রহস্য! ১১ মামলার আসামির লাশ উদ্ধার, খুনি কে?
শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে চাঞ্চল্যকর এক ঘটনায়, শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা শাহীন আলম (৪৩) নামের এক গাড়ি চালকের লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টায়, ৬ নং আদারভিটা ইউনিয়নের পলিশা বড় খাল ব্রিজের পশ্চিম পার্শ্বের একটি খালি জায়গায় তার মরদেহ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে স্থানীয়রা সেখানে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে। পুলিশে খবর দিলে, এসআই মো. ফিরোজ মিয়া নেতৃত্বে লাশ উদ্ধার করা হয়। পরে, থানায় গিয়ে শাহীন আলমের প্রথম স্ত্রী জরিনা বেগম মরদেহ শনাক্ত করেন। তবে, আশ্চর্যের বিষয়, তার দ্বিতীয় স্ত্রী স্বামীর খোঁজ নিতে আসেননি!
নিহত শাহীন আলম জামালপুর সদর উপজেলার জঙ্গলপাড়া বোটঘর গ্রামের মৃত নেদলের ছেলে। পেশায় গাড়ি চালক হলেও, তিনি আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য ছিলেন। একাধিকবার গাড়িতে করে চোরাই পণ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, হত্যা ও গরু চুরির মামলাসহ তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় ১৮৬০ পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় এফআইআর নং-৩১/৩১ সহ মোট ১১টি মামলা রয়েছে।
এদিকে, বিকাল ৪টা পর্যন্ত শাহীন আলমের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। সন্দেহ করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। তার প্রথম স্ত্রী জরিনা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নজরুল ইসলাম বিকাল ৪টা ১০ মিনিটে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন প্রশ্ন—প্রতিশোধ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি অপরাধ জগতের খেলা? খুনির রহস্যের জট খুলতে সময় লাগবে, তবে জনমনে উত্তেজনা তুঙ্গে!