শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
“রাজশাহীতে ফ্রিল্যান্সারের বাড়িতে ঢুকে চাঁদা দাবি, তরুণীকে ধর্ষণের চেষ্টা—শেষ রক্ষা হলো ৯৯৯-এর ফোনে!”
গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগরের শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম এলাকায় এক ফ্রিল্যান্সারের বাসায় ঢুকে চার বখাটে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি, লুটপাট ও এক তরুণীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে। তবে ভুক্তভোগীদের বুদ্ধিমত্তায় ৯৯৯-এ ফোন করতেই পুলিশ এসে নাটকীয় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন বনগ্রাম রায়পাড়ার সাজ্জাদুর রহমান (২৫), বাবর আলীর ছেলে হাসানুর রহমান রাব্বি (২৫), ভাড়ালিপাড়ার রাকিব হাসান (২৮) ও কুমারপাড়ার সানি রহমান (৩০)।
ভুক্তভোগী গোপালগঞ্জের উত্তম বাড়ৈ রাজশাহীর বড়বনগ্রামে ভাড়া বাসায় থাকেন এবং ফ্রিল্যান্সিং করেন। গত ১৬ মার্চ বিকেলে তার বান্ধবী দেখা করতে এলে, কিছুক্ষণ পরই অস্ত্রসহ চার যুবক জোরপূর্বক প্রবেশ করে। তারা মোবাইল ফোন, টাকা ছিনিয়ে নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। অস্বীকৃতি জানালে তারা লুটপাট, ভাঙচুর চালিয়ে ভুক্তভোগীদের মারধর করে।
এছাড়া তারা তরুণীর ব্যক্তিগত ছবি-ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে তাকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দিয়ে রাজি না হওয়ায় নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালায়।
উত্তম বাড়ৈ কৌশলে তার সহকর্মীর মাধ্যমে ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে। অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করে। উদ্ধার হয় একটি খেলনা পিস্তল, চাকু, ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, ক্যামেরা ও বিভিন্ন আলামত।
আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মামলা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।