বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
বাসে উঠে যাত্রীদের টাকা ফেরত, উপদেষ্টার ভাইরাল অভিযান!
অনলাইন ডেস্ক
যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দিয়ে আলোচনায় এলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শুক্রবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন উপদেষ্টা আসিফ, যা এরই মধ্যে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।
ভিডিওতে দেখা যায়, আসিফ মাহমুদ একটি চলন্ত বাসে উঠে যাত্রীদের জিজ্ঞাসা করছেন—‘কত ভাড়া নিয়েছে?’ যাত্রীরা জানান, ৫০০ টাকা নেওয়া হয়েছে। তখন তিনি বলেন, “আপনাদের কাছ থেকে ২০০ টাকা করে অতিরিক্ত নেওয়া হয়েছে, যা এখনই ফেরত দেওয়া হবে।” তিনি বাসের সুপারভাইজারকে নির্দেশ দেন, যাত্রীপ্রতি ২০০ টাকা করে ফেরত দিতে। সুপারভাইজারও সম্মতি দিয়ে বলেন, “আমি প্রত্যেক যাত্রীকে ২০০ টাকা করে ফেরত দেবো।”
তবে ভিডিওটি ঠিক কোন স্থান থেকে ধারণ করা হয়েছে, সেটি গণমাধ্যম নিশ্চিত করতে পারেনি।
এদিকে, এর আগের দিন বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান হুঁশিয়ারি উচ্চারণ করেন—“বাসে অতিরিক্ত ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জ্বালানি উপদেষ্টাও বলেন, “জ্বালানি তেলের দাম কমেছে, অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। কেউ নিলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, নির্বিঘ্ন ঈদযাত্রার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অনিয়ম দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজট পরিস্থিতিও বিশেষ নজরে রাখা হয়েছে।
ফাওজুল কবির খান জানান, অতিরিক্ত ভাড়া সংক্রান্ত একটি বিচ্ছিন্ন ঘটনার প্রমাণ মিলেছে, যেখানে এক যাত্রীর কাছ থেকে ১০০ টাকা বেশি নেওয়া হয়। পরে সেই অর্থ ফেরত দিয়ে সংশ্লিষ্টকে জরিমানা করা হয়েছে। তিনি জানান, কিছু ঢালাও অভিযোগ এলেও নির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।