মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সাদিকা জাহান
পবিত্র রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাজারে লেবুর দাম হঠাৎ করেই বেড়ে গিয়েছে। মাত্র ১০ দিন আগেও যে লেবুর দাম ছিল ৫ টাকা, এখন সেই একই লেবু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। এমন পরিস্থিতিতে ইফতারের জন্য লেবুর শরবত তৈরি করা অনেকের কাছেই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই অনেকেই এখন লেবুর বিকল্প খুঁজছেন, যা একই সাথে স্বাস্থ্যকর এবং তৃষ্ণা মেটানোর উপযোগী।
লেবুর বিকল্প হিসেবে তোকমা ও ইসবগুলের শরবত হতে পারে দুর্দান্ত একটি সমাধান। গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং হজমে সহায়ক হিসেবে এটি বেশ উপকারী।
ইসবগুল ও তোকমা ১৫-২০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিন। এরপর এতে চিনি মিশিয়ে ভালোভাবে নাড়ুন। ইচ্ছে করলে এতে রুহ্ আফজা বা সামান্য দুধ মিশিয়ে পরিবেশন করতে পারেন।
ইফতারে দইয়ের শরবতও বেশ জনপ্রিয় একটি বিকল্প। গরমে শরীরকে চাঙা রাখতে এটি খুবই কার্যকরী।
পানিতে টক দই এবং চিনি মিশিয়ে নিন। এতে কয়েকটি পুদিনা পাতা যোগ করে ঠান্ডা করে পরিবেশন করুন। টক দই হজমে সহায়ক এবং শরীরে ক্যালসিয়াম সরবরাহ করে।
লেবুর বিকল্প হিসেবে রুহ্ আফজার শরবত, তরমুজের জুস কিংবা ডাবের পানিও হতে পারে চমৎকার সমাধান। এসব পানীয় শুধু তৃষ্ণাই মেটায় না, বরং প্রয়োজনীয় খনিজ ও পুষ্টি সরবরাহ করে।
রমজানে ইফতারের সময় লেবুর শরবতের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। সঠিক বিকল্প বেছে নিলে একই সঙ্গে স্বাস্থ্য ও স্বাদ দুটোই বজায় রাখা সম্ভব। তাই এবার ইফতারে লেবুর বদলে এই শরবতগুলোও রাখতে পারেন, যা আপনার রোজার দিনগুলোকে আরও উপভোগ্য করে তুলবে।