শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কারণে দেশে তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের সামনে সময়টা সহজ নয়, বরং কঠিন। এই যুদ্ধ আমাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। সামনে তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দামও বাড়বে। এসব পরিস্থিতি মেনে নিয়েই আমাদের এগোতে হবে।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার সমালোচনা করে তিনি বলেন, একটি দল মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করেছে। কিন্তু মানুষ এখন সচেতন। দেশের অধিকাংশ মানুষ ধার্মিক হলেও ধর্ম নিয়ে ব্যবসা তারা পছন্দ করে না। আমরা কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।
তিনি আরও বলেন, কিছু মানুষ মা-বোনদের বেহেশতের প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে। এসব কথায় বিশ্বাস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব নয়। এজন্য সৎ থাকতে হবে এবং হালাল উপার্জন করতে হবে। পাশাপাশি সঠিকভাবে খাল খননের গুরুত্বও তুলে ধরেন তিনি।
তেল পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে সরবরাহ কমে গেছে। তবে এই অবস্থায় পাম্পে হামলা বা ভাঙচুর গ্রহণযোগ্য নয়। এ ধরনের মব কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে এবং আইনের বাইরে কোনো কাজ সহ্য করা হবে না।
তিনি বলেন, ঝড়-বৃষ্টির কারণে গম ও আলুর ক্ষতি হয়েছে। কৃষকেরা নানা সমস্যায় আছেন, আমরা তা উপলব্ধি করি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে অনেক নারী উপকৃত হচ্ছেন, যা আরও সম্প্রসারণ করা হবে। দেশের উন্নয়নে নেওয়া প্রকল্পগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সারাদেশে প্রায় ২০ হাজার খাল পুনর্খননের পরিকল্পনার কথাও জানান তিনি।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।