বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড বাংলাদেশে পৌঁছেছে। বুধবার (৮ অক্টোবর) জাহাজটি চট্টগ্রাম নৌ-অঞ্চলে প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ তাদের স্বাগত জানান। দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন। এতে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে।
আইএসপিআরের তথ্যমতে, এটি দুই দেশের নৌসদস্যদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম, যেখানে তারা আধুনিক নৌপ্রযুক্তি ও পেশাগত উৎকর্ষ অর্জন করবেন। ইউএসএস ফিৎসজেরাল্ড আগামী ১০ অক্টোবর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে। উল্লেখ্য, ২০২২ সালেও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি জাহাজ বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছিল।