বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘দুর্গাপূজা ও বিজয়া দশমী’ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১ অক্টোবর) এক শুভেচ্ছাবার্তায় তিনি ফ্যাসিবাদী শাসনের আমলের মতো কেউ যেন সম্প্রীতি নষ্ট বা নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা না চালায়—সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি আলাদা বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ দল বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের উষ্ণ অভিনন্দন জানাই। তিনি হিন্দু সম্প্রদায়ের শান্তি, কল্যাণ ও আনন্দমুখর উৎসব কামনা করেন। এবারের দুর্গোৎসব হয়ে উঠুক সম্প্রীতির বর্ণিল প্রতিচ্ছবি—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তারেক বলেন, আপনারা নিশ্চিন্তে উৎসব করুন, সৌহার্দ্য ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিন সারাদেশে। বিএনপি বিশ্বাস করে—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা সবার মৌলিক অধিকার।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা সংবিধাননির্ধারিত অধিকার। উৎসবের মাধ্যমে পরিস্ফুট হয় জাতির পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। রাষ্ট্রের দায়িত্ব—প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।
তারেক রহমান হাদিস উদ্ধৃত করে বলেন, “যে রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নিপীড়ন করে, তার অধিকার হরণ করে—তার বিরুদ্ধে নবী করিম (সা.) কেয়ামতের দিন লড়বেন।”
বিবৃতিতে তিনি যোগ করেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব হলো একে অপরের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা। যারা প্রতিহিংসা ও নিপীড়নের মাধ্যমে সমাজে কুশাসন কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধই আজকের সময়ের দাবি।