বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
মসজিদ কমিটিতে রাজনৈতিক প্রভাব বন্ধ, সুশৃঙ্খল ব্যবস্থা নিশ্চিত!
অনলাইন ডেস্ক
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশিত হবে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্সে’ তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, ‘নতুন মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়িত হলে মসজিদ কমিটিগুলো থেকে রাজনৈতিক প্রভাব সম্পূর্ণ দূর হবে, আর ইমাম ও খতিবরা সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা পালন করবে। এছাড়া এটি দেশের মসজিদগুলোতে সুশৃঙ্খলতা বজায় রাখবে।’
তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের প্রতি অবজ্ঞার সুযোগ আর থাকবে না।’
ধর্ম উপদেষ্টা আরও জানান, ‘সরকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারের জন্য ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যেখানে মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে সৌন্দর্য বৃদ্ধি ও মেরামত করা হবে।’
পরবর্তীতে সংগঠনের নেতারা উপদেষ্টার কাছে বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি উপস্থাপন করেন।