শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
৩১ জুলাইয়ের মধ্যে ঐকমত্যে নতুন দিগন্ত উন্মোচনের প্রস্তুতি চলছে!
অনলাইন ডেস্ক
নতুন আলোচনায় আগামী মাসের মধ্যে ঐকমত্য চূড়ান্ত হবে — জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ের ঐক্যমতের খসড়া আজ বা কাল গণমাধ্যমের কাছে পৌঁছে দেওয়া হবে। চলতি মাসেই যেসব বিষয়ে একমত হবে সেগুলোর চূড়ান্ত রূপ দিতে হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনার সূচনার আগে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, খসড়া তৈরি সম্পন্ন হয়েছে। আজ বা কাল প্রাথমিক পর্যায়ের ঐক্যমতের খসড়া গণমাধ্যমের কাছে পৌঁছে যাবে এবং ৩১ জুলাইয়ের মধ্যে যেসব বিষয় নিয়ে সম্মতি হবে সেগুলো চূড়ান্ত আকার দেওয়া হবে।
সকালে ২১তম দিনের সভায় তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও গঠন কাঠামো এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এছাড়াও দেশের রাষ্ট্রকাঠামোর ২০টি মৌলিক সংস্কারের মধ্যে ইতিমধ্যেই ১২টিতে নোট অব ডিসেন্টসহ রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, বাকি কয়েকটি বিষয়ে আংশিক সমঝোতা হয়েছে। দ্বিতীয় দফার আলোচনায় খসড়া নিয়ে দলগুলোর মতামত আগামীকাল দুপুরের মধ্যে জমা দিতে হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ প্রায় ৩০টির মতো রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
এদিন অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়।