শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
উত্তরায় স্কুলভবনে বিধ্বস্ত যুদ্ধবিমান, ৩৪ প্রাণ নিভল!
অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় একের পর এক হৃদয়বিদারক খবর আসছে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে দগ্ধ আরেক কিশোর—চৌদ্দ বছরের জারিফ।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪-এ। স্বজনরা এখনও জারিফের মরদেহ বুঝে পাননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাসপাতাল সূত্র।
গত ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে ভেঙে পড়ে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। এর আগে মাত্র ১২ মিনিট আগে, দুপুর ১টা ৬ মিনিটে, বিমানটি রাজধানীর তেজগাঁওয়ের এ কে খন্দকার বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। আকাশে উঠেই সেটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকীর ইসলাম পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করে বিমানটিকে জনবসতিহীন এলাকায় নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমানটি আছড়ে পড়ে একটি দোতলা স্কুল ভবনে।
দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, শিক্ষার্থী এবং স্থানীয়রা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। দ্রুত আহতদের হাসপাতালে পাঠানো হয়। এখন পর্যন্ত পাইলটসহ প্রাণ হারিয়েছেন ৩৪ জন। আহতদের মধ্যে অধিকাংশই শিশুশিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক। এখনও ৫০ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
আন্তর্জাতিক সহায়তায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় কাজ করছে চীন, ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ মেডিকেল টিম, যারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে কাজ করছে।
ঘটনার পরই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে শিগগিরই প্রতিবেদন দেবে। এদিকে সরকার জানিয়েছে, জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।