শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
মাইলস্টোনে আগুন, দগ্ধ ৪২—জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছায় চীনা বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল। দগ্ধ ও আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে চিকিৎসা পরামর্শ দেবেন তারা। ভারত ও সিঙ্গাপুর থেকে আগত মেডিকেল দলের সঙ্গে যৌথভাবে পরিচালনা করবেন চিকিৎসা কার্যক্রম। এরপর সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে।
এদিকে হাসপাতাল চত্বরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিমান বাহিনী কড়া নজরদারি করছে। বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে কোনো ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সকল ব্যয় বহন করবে সরকার।
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে পৌঁছায় চীনা বিশেষজ্ঞ দলটি। বিমানবন্দরে এই মেডিকেল টিমকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।
চীনা দূতাবাস জানিয়েছে, এই চিকিৎসক দলটি এসেছে হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটাল থেকে।
গত সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। দুর্ঘটনার পরপরই আগুন ধরে যাওয়ায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩১ জন, যাদের বেশিরভাগই শিশু।