বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
নিখোঁজ জুথীকে সন্ধানের দাবিতে , রাজশাহীতে উত্তাল শিক্ষার্থীদের প্রতিবাদ
তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীতে চাঞ্চল্যকর ঘটনা—১৪ দিন ধরে নিখোঁজ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্রী জুথী। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ নেই। পরিবার, সহপাঠী, শিক্ষক সবাই যখন উদ্বেগে দিন কাটাচ্ছেন, তখন আজ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। “জুথী কোথায়?”—এই এক প্রশ্ন ঘিরে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের আঙিনা।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শুধু শিক্ষার্থী নয়, উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীও। মানববন্ধনে অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল উদ্বেগ, অসহায়ত্ব আর ক্ষোভের স্পষ্ট ছাপ।
নিখোঁজ শিক্ষার্থী জুথী রাজশাহী মহানগরের ডিঙ্গাডোবা এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের মেয়ে। ২২ এপ্রিল সকালে বাসা থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তারপর থেকেই নিখোঁজ। কোন বন্ধুর সঙ্গে যোগাযোগ নেই, কোনো সামাজিক মাধ্যমে উপস্থিতিও নেই—একেবারে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছেন তিনি। এ যেন রহস্যে মোড়া এক অনির্দেশ্য হারিয়ে যাওয়া।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “আমরা জুথীর জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে আসা চাই। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—তাকে খুঁজে বের করা হোক। ১৪ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান নেই, এটা আমাদের হতাশ করেছে।” কেউ কেউ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “প্রেমঘটিত কিছু হলে অন্তত একবার আমাদের সঙ্গে যোগাযোগ করতো। কিন্তু এতদিন কোনো খোঁজ না পাওয়া—এটা কোনো সাধারণ ঘটনা নয়।”
এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, “১৪ দিন পার হলেও এখনো প্রশাসনের পক্ষ থেকে জুথীর সন্ধানে কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি। আমরা যদি এখনই পদক্ষেপ না নেই, তাহলে হয়তো চিরতরে হারিয়ে যাবে আমাদের সহপাঠিনী।” বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো, রাজপথে নামবো, প্রশাসনকে বাধ্য করবো ব্যবস্থা নিতে।”
জুথীর নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে রাজশাহীর শিক্ষা মহলে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সাধারণ মানুষেরও সহানুভূতি তৈরি হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন—কোথায় জুথী? কার কাছে আছে তার খবর? আর কতদিন অপেক্ষা করতে হবে তার পরিবারের, সহপাঠীদের?
রাজশাহী আজ এই প্রশ্নের উত্তর চায়। একটি মেয়ে হারিয়ে গেছে, আর তা যেন একেকটি পরিবারের মেয়ের নিরাপত্তার প্রশ্ন হয়ে উঠেছে। এখন শুধু সময় নয়, প্রয়োজন দায়িত্বশীল পদক্ষেপ—প্রশাসনের, সমাজের, আমাদের সবার।