মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ঝড়ের থাবা দিচ্ছে সাড়া, রাতেই নামতে পারে বজ্রবৃষ্টি!
অনলাইন ডেস্ক
নতুন এক সতর্কবার্তায় দেশের তিন জেলার জন্য ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এই সতর্কবার্তায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের প্রবণতা অব্যাহত থাকবে। আজ দুপুর ২টা থেকে শুরু করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
সবশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং সারা দেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারি, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল এবং পটুয়াখালী জেলার পাশাপাশি ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।