শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
মোঃ সাকিল, ষ্টাফ রিপোর্টার, জামালপুর
জামালপুরের আদালত চত্বর যেন মুহূর্তেই পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে! সোমবার দুপুরে আইনজীবী সমিতির সামনে ঘটে উত্তেজনাপূর্ণ সংঘর্ষ, যেখানে মুখোমুখি হয় আইনজীবী ও ছাত্র আন্দোলনকারীরা।
সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে ঘটে যাওয়া ধর্ষণের বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানববন্ধন করে। এরপর তারা ধর্ষণ মামলার আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলতে গেলে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। মূলত এক আসামির বয়স কম দেখানো নিয়ে শুরু হয় বিতর্ক, যা মুহূর্তেই রূপ নেয় ধাওয়া-পাল্টাধাওয়ায়!
এ সংঘর্ষে প্রবীণ আইনজীবী খলিলুর রহমান, আইনজীবী সমিতির সহ-সভাপতি আব্দুল আওয়াল ও শাহজাহান আলী আহত হন। অপরদিকে, ছাত্র আন্দোলনের ইমন, ইশান, মোয়াজ, হৃদয়, তারেক ও শিশির গুরুতর আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রিশাদ রেজওয়ান বাবু সাংবাদিকদের বলেন, “আদালতে ন্যায়বিচার চাওয়ার অধিকার সবার রয়েছে, কিন্তু আইনজীবীদের ওপর হামলা ন্যক্কারজনক। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
আদালতের বুকে এমন সংঘর্ষে স্তম্ভিত শহরবাসী। এখন দেখার অপেক্ষা, প্রশাসন কত দ্রুত দোষীদের আইনের আওতায় আনতে পারে!