রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সিলেটে বাস-অটোরিকশার ভয়াবহ সংঘর্ষ: দুইজন নিহত
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার বলাউড়া এলাকায় দ্রুতগামী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তারা।
নিহতরা হলেন বলাউড়া বাজার এলাকার কসরপুর গ্রামের রুহেল আহমেদ ও আব্দুল মালেক। প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে আসা মামুন পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে অটোরিকশাটিকে ধাক্কা দেয়, এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় রুহেল ও মালেককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এ সড়কে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।