রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নিয়মিত বয়স বাড়ার ফলে মুখের ত্বকে পরিবর্তন দেখা যায়, যা অনেকের কাছেই অস্বস্তিকর হয়ে ওঠে। বয়সের কারণে ত্বকের টান টান ভাব কমে যায়, ফলে ত্বক ঝুলে পড়ে এবং সৌন্দর্যে ভাটা পড়ে। শুধু বয়সই নয়, ত্বকের সঠিক যত্নের অভাব কিংবা অনিয়মিত জীবনযাপনও এর জন্য দায়ী হতে পারে।
তবে, ব্যয়বহুল প্রসাধনী কিংবা চিকিৎসা ছাড়াই ঘরোয়া কিছু উপায় অনুসরণ করলে ত্বকের তারুণ্য ধরে রাখা সম্ভব। ঘরোয়া উপাদান ব্যবহারের মাধ্যমে সহজেই ত্বকের বয়সের ছাপ কমিয়ে আনতে পারেন। জেনে নিন কিছু কার্যকরী উপায় যা ত্বক টানটান রাখতে সাহায্য করবে।
পেঁপে: পেঁপেতে থাকা প্যাপাইন এনজাইম ত্বকের মরা কোষ দূর করে এবং মুখ উজ্জ্বল রাখে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের বার্ধক্য প্রতিরোধে কার্যকর। আরও ভালো ফল পেতে পেঁপের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেললে ত্বক হবে আরও উজ্জ্বল ও মসৃণ।
নারকেল তেল: নারকেল তেলে থাকা লরিক অ্যাসিড ত্বকের তারুণ্য বজায় রাখে এবং অকালবার্ধক্য প্রতিরোধ করে। এতে উপস্থিত ভিটামিন এ কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বক টানটান রাখতে সহায়ক ভূমিকা রাখে। মধুর সঙ্গে নারকেল তেল মিশিয়ে মুখে লাগিয়ে আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন, এতে ত্বক থাকবে মসৃণ ও দীপ্তিময়।
মুলতানি মাটি: মুলতানি মাটি ত্বকের শিথিলতা কমাতে ও তেলতেলে ভাব দূর করতে কার্যকর। এটি ত্বককে গভীর থেকে পরিষ্কার করতেও সাহায্য করে। মুলতানি মাটির সঙ্গে ডিমের সাদা অংশ ও দই মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
এই পদ্ধতিগুলো নিয়মিত সপ্তাহে তিন থেকে চার দিন অনুসরণ করলে সহজেই ত্বকের বয়সের ছাপ কমিয়ে ত্বক টানটান রাখা সম্ভব।