রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে রেল অবরোধ, স্থবির উত্তরবঙ্গের রেল যোগাযোগ
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়’ করার দাবিতে উত্তাল হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাইটেক স্টেশনের সামনে রেললাইন অবরোধ করলে ঢাকা-রাজশাহী রুটের ট্রেন চলাচল থমকে যায়, কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ।
শিক্ষার্থীদের দাবি, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়’ নামে গেজেট প্রকাশ করা হয়েছে, যা তারা মেনে নিতে রাজি নন। তাদের ভাষায়, ‘‘এটি জাতীয় পর্যায়ের একটি বিশ্ববিদ্যালয়, তাই এর নাম হতে হবে ‘বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়’—এটাই আমাদের একমাত্র দাবি।’’ দ্রুত গেজেট সংশোধন না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গত কয়েকদিন ধরে তারা একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন, এমনকি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কও অবরোধ করেছিলেন। তবে আজকের রেল অবরোধ আরও কঠোর, যা সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করে দিয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, ‘‘শিক্ষার্থীদের অবরোধের কারণে সিরাজগঞ্জ এক্সপ্রেস কিছু সময় আটকে ছিল, পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনো ওই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।’’
শিক্ষার্থীদের স্লোগান আর ক্ষোভে গাজীপুর উত্তপ্ত হয়ে উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।