শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে ‘মা ইলিশ’ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড সারাদেশে টহল অভিযান শুরু করেছে। সরকার ঘোষিত বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে ২৪ ঘণ্টা টহল চালানো হচ্ছে।
মঙ্গলবার চাঁদপুর মোহনায় এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড ঢাকা জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. মো. রাফায়েল মনোয়ার উৎসব জানান, ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ সময় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ মোতাবেক সমস্ত কার্যক্রম পরিচালিত হবে।
মা ইলিশ সংরক্ষণের জন্য কোস্ট গার্ড জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করছে। পাশাপাশি জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অভিযান চালিয়ে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোস্ট গার্ড নিশ্চিত করেছে, সারাদেশে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে সকল উপকূলীয় এলাকা তৎপর থাকবে। সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে এবং দিন-রাত ২৪ ঘণ্টা নদী ও সমুদ্র উপকূলে টহল চলবে।