বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
৩৪ বছর পর রাকসুতে ফিরছে ছাত্ররাজনীতির উত্তাপ ও উচ্ছ্বাস!
অনলাইন ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন অবশেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ৩৪ বছর পর এই ঐতিহাসিক নির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর। সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ঘোষণা দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা ও উচ্ছ্বাস ছড়িয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩১ জুলাই প্রকাশ করা হবে আচরণবিধি। এরপর ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৭, ১০, ১১ ও ১২ আগস্টের মধ্যে এই তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির কাজ চলবে। ১৪ আগস্ট ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
নির্বাচনের পরবর্তী ধাপেও রয়েছে বিস্তারিত কর্মসূচি। ১৭ থেকে ১৯ আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা হবে, আর ২১, ২৪ ও ২৫ আগস্ট মনোনয়ন জমা নেওয়া হবে। ২৭ ও ২৮ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ৩১ আগস্ট প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা।
এরপর ২ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। ৪ সেপ্টেম্বর ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। আর ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত নির্বাচন। ভোটগ্রহণ শেষে প্রতিটি আবাসিক হলে সরাসরি গণনা করে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, এই নির্বাচন শুধু একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের গণতান্ত্রিক দাবির বিজয়ের প্রতীক। অনেকে এটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন।