বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ফেনীতে পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনপদ, খোলা ১৫৩ আশ্রয়কেন্দ্র!
অনলাইন ডেস্ক
ফেনীতে পাহাড়ি ঢল ও টানা অঝোর বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে জেলা প্রশাসন, গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। খুলে দেওয়া হয়েছে ১৫৩টি আশ্রয়কেন্দ্র ও ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণ কক্ষ। নগদ সহায়তা ও শুকনো খাবার বিতরণের উদ্যোগও নিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে সরাতে ফুলগাজী, পরশুরাম ও সদর উপজেলায় ১৫৩টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। দুর্গতদের সহায়তায় দেওয়া হয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকা, ৪০০ প্যাকেট শুকনো খাবার ও ১২০ মেট্রিক টন চাল।
এর মধ্যে ফুলগাজীতে ৯৯টি, পরশুরামে ৩২টি এবং সদরে ২২টি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেনকে প্রধান করে ১১ সদস্যের একটি মনিটরিং টিম এবং একটি নিয়ন্ত্রণ কক্ষ গঠন করা হয়েছে। সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ইলেকট্রনিকস সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়া, ২ হাজার ৫৪৭ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে ৪৮টি পরিবারের ১৩৩ জন আশ্রয়কেন্দ্রে উঠে এসেছেন। তাদের মধ্যে রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার হাবিবুর রহমান ফুলগাজী ও পরশুরামের বন্যাদুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন।
এদিকে ভারি বর্ষণ ও উজান থেকে আসা পানির তোড়ে মুহুরী ও সিলোনিয়া নদীর অন্তত ১০টি স্থান ভেঙে গেছে। ফলে ফুলগাজী ও পরশুরামের বহু গ্রাম প্লাবিত হচ্ছে। নদীপারের মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। মুহুরী নদী পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ১৩.৩৪ মিটার ও সিলোনিয়া নদী সুবারবাজার পয়েন্টে ১০.৭৮ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত) ফেনীতে ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অতিভারি বৃষ্টিপাত বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং ১২ জুলাইয়ের পর থেকে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, সার্বক্ষণিক তদারকির জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু করা হয়েছে। প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি মোবাইল নম্বর (০১৮৯৮৪৪৪৫০০, ০১৩৩৬৫৮৬৬৯৩) সবাইকে জানানো হয়েছে।