রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
আকাশ ছুঁতে গিয়ে মাটিতে থেমে গেল স্বপ্নের যাত্রা!
অনলাইন ডেস্ক
ভারতের আহমেদাবাদে ঘটেছে এক বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, যেটি লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিল। বিমানটিতে ছিলেন ২৫০ জনেরও বেশি যাত্রী—বিমানবন্দর সূত্রে এমনটাই জানিয়েছে গণমাধ্যম।
দিল্লি সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে আকাশপথে বিপর্যয় নেমে আসে। বিমানটি উড্ডয়ন করতেই আচমকা শব্দ করে নিচে আছড়ে পড়ে, বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই আকাশে ঘন ধূসর ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। মুহূর্তেই শুরু হয় উদ্ধার অভিযান। ঘটনাস্থলে ছুটে আসে অন্তত ২৪টি অ্যাম্বুলেন্স, আর আহতদের দ্রুত আশেপাশের হাসপাতালে পাঠানো হয়।
এখনও পর্যন্ত ঠিক কতজন মারা গেছেন বা গুরুতর আহত হয়েছেন—সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে যাত্রী সংখ্যা এবং বিধ্বস্তের মাত্রা দেখে অনেকে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল ঘিরে রেখেছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছে বিকল্প পথে।
এখনও এয়ার ইন্ডিয়া বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।