বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
৮ বছরেও স্থায়ী ক্যাম্পাস নেই, রাজপথই শেষ ভরসা!
অনলাইন ডেস্ক
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আজ রোববার (২৭ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া সহ উত্তরাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট ও তীব্র ভোগান্তিতে পড়ে শত শত যাত্রী ও পথচারী। অবশেষে শিক্ষার্থীরা মহাসড়কেই প্রতীকী ক্লাস নেয়ার ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেয়। তবে হুঁশিয়ারি দিয়ে বলেন—এবার স্থায়ী সমাধান ছাড়া আন্দোলন বন্ধ নয়।
বিক্ষোভকারী সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজবিজ্ঞান বিভাগের রায়হান ও জাকারিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠার আট বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস নেই। ভাড়া করা ভবনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালানো দুর্বিষহ হয়ে উঠেছে। জানুয়ারি মাসেও আমরা রাস্তায় নেমেছিলাম। তখন সরকারের আশ্বাসে শ্রেণিকক্ষে ফিরলেও আজ আমাদের সহ্যসীমা পেরিয়ে গেছে।
তারা অভিযোগ করে বলেন, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রস্তাবিত এলাকা পরিদর্শন করে যে প্রতিবেদন দিয়েছেন, সেটির কারণেই একাধিক একনেক সভায়ও বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল (ডিপিপি) অনুমোদনের তালিকায় স্থান পায়নি। আমরা তার পদত্যাগ দাবি করছি।
ঘণ্টাব্যাপী বিক্ষোভে ‘ডিপিপি চাই’, ‘রিজওয়ানার পদত্যাগ চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এম হাসান তালুকদার ছাড়াও শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা যোগ দেন। অংশগ্রহণ করেন রবীন্দ্র গবেষক প্রফেসর নাসিম উদ্দিন মালিথা স্মৃতি পরিষদের সদস্যরাও।
এর আগে সকাল ৮টায় একই দাবিতে জামায়াতের পক্ষ থেকেও শাহজাদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। ‘গণমাধ্যম’-কে একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, এবার ক্যাম্পাস না হলে তাদের আন্দোলন অনির্দিষ্টকাল চলবে।