বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
ঢাবিতে ইতিহাসের স্বীকৃতি, দুই দিবস একাডেমিক ক্যালেন্ডারে
অনলাইন ডেস্ক
ঢাবিতে ছাত্রলীগ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে শিক্ষার্থীদের স্বীকৃতি, ১৭ জুলাই হবে সন্ত্রাস প্রতিরোধ দিবস ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে ১৭ জুলাইকে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
১৪ জুলাই সোমবার রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত জুলাই উইমেন্স ডে উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন তিনি।
একই অনুষ্ঠানে তিনি আরও ঘোষণা দেন যে, ১৪ জুলাই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থী দিবস হিসেবে পালন করা হবে। দুটো দিবসই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।
উপাচার্য বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের যে সাহসী অবদান, তা চিরস্মরণীয়। তাই ১৪ জুলাই দিনটিকে আমরা ‘নারী শিক্ষার্থী দিবস’ হিসেবে পালন করব এবং তা একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করা হবে।”
তিনি আরও বলেন, “ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছে, সেটি ইতিহাস হয়ে থাকবে। সেই অবদানের স্বীকৃতি দিতেই ১৭ জুলাই পালন করা হবে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’। এ দিবসও একাডেমিক ক্যালেন্ডারে সংযোজিত হবে।”
জুলাই মাসের ঐতিহাসিক আন্দোলনে নারী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার স্বীকৃতি হিসেবেই উদ্যাপিত হচ্ছে জুলাই উইমেন্স ডে। এ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে ১৪ জুলাই রাতব্যাপী চলছে নানা আয়োজনে মুখর উৎসব।
এ ছাড়া, ১৫ জুলাই দিনটি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষার কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।