বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
ওয়েবসাইট না থাকলে স্কুল-কলেজে আসতে পারে ঝামেলা!
অনলাইন ডেস্ক
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব ওয়েবসাইট চালু ও হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (১৪ জুলাই) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাউশির আওতাধীন আঞ্চলিক অফিস ও দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদের নিজস্ব ওয়েবসাইট নেই অথবা দীর্ঘদিন ধরে হালনাগাদ করা হয়নি, তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের (www.bangladesh.gov.bd) আওতায় থেকে আলাদা ওয়েবসাইট তৈরি করতে হবে, যাতে সরকারি ব্যয় সংকোচনের নীতিমালা অনুসরণ হয়।
এতে আরও বলা হয়, প্রতিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পরিচিতি, পাঠদানের অনুমোদন ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর পরিসংখ্যান, অনুমোদিত শাখার তথ্য, পাঠদান সংক্রান্ত তথ্য (শিক্ষকের নামসহ পূর্ণাঙ্গ রুটিন ও সিলেবাস, বিভিন্ন নোটিশ), এমপিও, ফোন নম্বর, যোগাযোগের ঠিকানা, তথ্যসেবা কেন্দ্রের মোবাইল নম্বর, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ঠিকানা ও নম্বর, প্রতিষ্ঠান প্রধানসহ সব শিক্ষক-কর্মচারীর বিবরণ এবং ব্যবস্থাপনা কমিটির তথ্য নিয়মিত হালনাগাদ রাখতে হবে।
সবশেষে বলা হয়, এসব তথ্য ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইটে হালনাগাদ করে অ্যাডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (EMIS)-এর নির্ধারিত মডিউলে আপলোড করতে হবে। এ বিষয়ে অধিদপ্তরের নির্ধারিত গাইডলাইন অনুসরণে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।