বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
এক ঘণ্টায় আইইএলটিএস রিডিংয়ে ৪০টি প্রশ্নের সব উত্তর, কেমন করে?
অনলাইন ডেস্ক
রিডিং টিপস নয়, এবার শেখেন স্কিল—এক ঘণ্টায় রিডিং শেষ করতে হলে যা জানা জরুরি!
আইইএলটিএস রিডিং অনেক পরীক্ষার্থীর জন্য এক দুঃস্বপ্নের নাম। পরীক্ষার সময় শেষ হয়ে গেলেও প্যাসেজের অর্ধেকও শেষ হয় না অনেকের। ৪০ নম্বরের প্রশ্ন, তিনটি লম্বা প্যাসেজ আর মাত্র এক ঘণ্টা—এ যেন টাইম বোমার মতো! কিন্তু জানেন কি, টিপস নয়, স্কিল থাকলে আপনি সময়ের মধ্যেই সব উত্তর দিতে পারবেন? আজ আলোচনা করব কীভাবে আইইএলটিএস রিডিংয়ের স্কিল আয়ত্ত করলে আপনি নিজেই নিজের স্কোরে চমকে যাবেন।
টোটকার যুগ শেষ, এখন স্কিলের সময়
ইউটিউব খুললেই রিডিং টিপস, শর্টকাট কৌশল, গ্যারান্টি স্কোর! কিন্তু বাস্তবতা হলো, রিডিং মডিউল কোনো টোটকা নির্ভর পরীক্ষা নয়, এটা একেবারে স্কিল নির্ভর। আপনি যত বেশি পরামর্শ মুখস্থ করবেন, তত বেশি বিভ্রান্ত হবেন। বরং জানতে হবে, পরীক্ষায় ঠিক কোন কোন স্কিলের পরীক্ষা হয়।
উদাহরণস্বরূপ, আইইএলটিএস রিডিংয়ে যেসব স্কিল গুরুত্বপূর্ণ—স্ক্যানিং, স্কিমিং, ইনটেনসিভ রিডিং, মেইন আইডিয়া চিহ্নিতকরণ, ইনফরমেশন ম্যাচিং ইত্যাদি। আপনি যদি এ স্কিলগুলোতে দক্ষ হন, তাহলে সময়ের মধ্যেই সঠিক উত্তর দিতে পারবেন।
রিডিংয়ে সময় বাঁচাতে স্ক্যানিং স্কিল অপরিহার্য। স্ক্যানিং মানে হলো, কোনো নির্দিষ্ট তথ্য খুব দ্রুত চোখ বুলিয়ে খুঁজে বের করা। ধরুন, প্রশ্নে আছে “একটি নির্দিষ্ট রোগের কথা কোথায় বলা হয়েছে?” আপনি যদি পুরো প্যাসেজ পড়তে শুরু করেন, তাহলে সময় নষ্ট করবেন। বরং দ্রুত চোখ চালিয়ে নির্দিষ্ট শব্দ বা বাক্যটি খুঁজে বের করুন, তারপর কেবল সেই অংশ পড়ুন।
যেমন: প্রশ্নে বলা হয়েছে—“an acceptance that not all diseases can be totally eliminated”। আপনি যদি স্ক্যানিং না জানেন, তাহলে পুরো প্যাসেজ ঘেঁটে খুঁজে নিতে সময় লাগবে ৩–৪ মিনিট। আর স্ক্যানিং জানলে ১–২ মিনিটেই উত্তর খুঁজে নিতে পারবেন।
ইনটেনসিভ রিডিং—সবার পরিচিত কিন্তু সময়খেকো
আমরা ছোটবেলা থেকে যা শিখেছি, তা-ই ইনটেনসিভ রিডিং। লাইন বাই লাইন পড়া, প্রতিটি শব্দ অনুবাদ করা। তবে আইইএলটিএসে প্রতিটি প্রশ্নে এটা করলে আপনি কখনোই এক ঘণ্টার মধ্যে শেষ করতে পারবেন না। ইনটেনসিভ রিডিং কেবল তখনই ব্যবহার করতে হবে, যখন প্যাসেজের নির্দিষ্ট অংশ থেকে উত্তর বের করতে হয়।
ম্যাচিং ইনফরমেশন প্রশ্নগুলো বেশ চালাক। আপনি যদি ভেবে থাকেন “সব পড়ে উত্তর দিই”, তাহলে সময় হারাবেনই। প্রশ্ন পড়ে, কিওয়ার্ড খুঁজে, সেটা দিয়ে প্যাসেজে স্ক্যান করুন। যেখানে মিল পান, কেবল সেই জায়গাটুকু ইনটেনসিভ রিডিং করে উত্তর দিন।
যেমন:
MCQ প্রশ্নে বলা আছে:
“In the second paragraph, the writer is amazed by…”
আপনি পুরো প্যারাগ্রাফ পড়তে শুরু করলে ৪ মিনিট তো যেতেই পারে। কিন্তু যদি আপনি “amazed” সংক্রান্ত শব্দ খুঁজে বের করে সরাসরি সে লাইনে যান, তাহলে সময় লাগবে অর্ধেকেরও কম।
ট্রেনিং করতে চাইলে ইউটিউব নয়, বরং অফিসিয়াল ওয়েবসাইটে যান:
এই সাইটগুলোতে স্কিলভিত্তিক গাইডলাইন পাবেন, যাতে টিপস নয় বরং সত্যিকারের দক্ষতা গড়ে তোলা যায়।
আপনি যদি স্কিল আয়ত্ত না করেন, তবে যতই মক টেস্ট দিন না কেন, রিডিংয়ের টাইম ম্যানেজমেন্টে ব্যর্থ হবেন। তাই এখনই সময়, রিডিংয়ের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে স্কিল গড়ে তোলার। তাহলে ৪০ নম্বর, এক ঘণ্টা আর তিন প্যাসেজ—আপনার কাছে আর ভয় নয়, বরং হবে জয়ের মঞ্চ!