বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ঢাবি আকাশে আজ ড্রোনে জ্বলবে গণআন্দোলনের স্মৃতি!
অনলাইন ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন উদযাপন করছে ‘জুলাই উইমেন্স ডে’। দিবসটি স্মরণে সাংস্কৃতিক আয়োজন, চোখধাঁধানো ড্রোন শোসহ নানা ব্যতিক্রমধর্মী কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৩ জুলাই) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। তার সঙ্গে ছিলেন ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং বর্ষপূর্তি উদযাপন কমিটির সদস্যসচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান।
কোষাধ্যক্ষ বলেন, “ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী স্মরণে বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।” এ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় কমিটি এবং পৃথকভাবে তিনটি উপকমিটি গঠন করা হয়েছে, যাদের নেতৃত্বে রয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ নিজে।
তিনি আরও জানান, আগামীকাল ১৪ জুলাই সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে উদযাপিত হবে ‘জুলাই উইমেন্স ডে’। দিনব্যাপী থাকবে অডিও-ভিডিও প্রজেকশন, সাংস্কৃতিক পরিবেশনা এবং আধুনিক প্রযুক্তির সংযোজন হিসেবে থাকবে ঝলমলে ড্রোন শো।
গণমাধ্যমকে জানানো হয়, কর্মসূচিগুলো যৌথভাবে বাস্তবায়ন করবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে ঢাবি প্রশাসন জানিয়েছে, ১৪ জুলাই বিকেল ৪টা থেকে ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত ক্যাম্পাসে চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ সময়ে শুধুমাত্র পরিচয়পত্রধারী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, স্টিকারযুক্ত বা জরুরি সেবায় নিয়োজিত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, সাংবাদিক, রোগী ও ফায়ার সার্ভিসের যানবাহন প্রবেশ করতে পারবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবাইকে নিজ নিজ আইডি কার্ড সঙ্গে রাখতে অনুরোধ জানিয়েছে। অনুষ্ঠানের কারণে ১৪ জুলাই বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ জুলাই স্মৃতিচারণভিত্তিক এক বিশেষ অনুষ্ঠান এবং ৫ আগস্ট বৃহৎ পরিসরে উদযাপন করা হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।