বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
বিবৃতিতে ভুল নাম, শিক্ষক লাঞ্ছনায় জবি শিক্ষক সমাজ উত্তাল!
অনলাইন ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুই শিক্ষক ও তিন ছাত্রনেতার ওপর ছাত্রদলের হামলার ঘটনাকে ‘ধস্তাধস্তি’ বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। অথচ, ওই ঘটনায় দুই শিক্ষক শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং তাদের নামের বানানও ভুল করা হয়েছে বিবৃতিতে, যা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
রোববার (১৩ জুলাই) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ১০ জুলাই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীকে ঘিরে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশকে নষ্ট করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘একটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের (ছাত্রলীগ) নেতাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে ছাত্রকল্যাণ পরিচালক ড. কে এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর মো. শফিকুর রহমানের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, যা অনভিপ্রেত।’
তবে অনুসন্ধানে জানা গেছে, বিবৃতিতে উল্লিখিত দুই শিক্ষকের সঠিক নাম যথাক্রমে ড. কে এ এম রিফাত হাসান ও মো. শফিকুল ইসলাম। শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, আমরা শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের শাস্তি দাবি করছি।
আরও বলা হয়, একটি জ্ঞানভিত্তিক ক্যাম্পাস তৈরির জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। প্রশাসন যেন কোনো চাপের কাছে নত না হয়—এটাই আমাদের প্রত্যাশা।
এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদকে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে পেটায় ছাত্রদলের নেতাকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে গেলে ছাত্রকল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর শফিকুল ইসলামকেও শারীরিকভাবে লাঞ্ছিত ও গালিগালাজ করা হয় ছাত্রদল কর্মীদের দ্বারা।