মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইরানের তেল স্থাপনাগুলোতে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে আলাপ করছেন বলে জানিয়েছেন। এ মন্তব্যের পরপরই, বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পায়, যা আগামী মাসের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে উদ্বেগের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বাইডেন জানান, তিনি আশা করেন, ইসরায়েল বৃহস্পতিবারের (মার্কিন সময়) আগেই তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেবে না।
যখন একজন সাংবাদিক বাইডেনকে জিজ্ঞেস করেন, তিনি কি ইরানের তেল স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলাকে সমর্থন করছেন, তখন বাইডেনের উত্তর ছিল, ‘আমরা এটি নিয়ে আলোচনা করছি। আমার মনে হয়, এটা খুব সীমিত হবে… যেমনই হোক।’
এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার সম্ভাবনা বাড়ায় তেলের মূল্য পাঁচ শতাংশ বেড়ে যায়, যা বাইডেনের ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণার জন্য নেতিবাচক হতে পারে।
আগামী ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের মুখোমুখি হতে হবে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনে জীবনযাত্রার ব্যয় একটি প্রধান ইস্যু হিসেবে গুরুত্ব পাচ্ছে।
বাইডেন আরও বলেন, তিনি ইসরায়েলের কাছ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিশোধমূলক পদক্ষেপের প্রত্যাশা করছেন না, যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি হিজবুল্লাহর ওপর আক্রমণ চালাতে সংযমের পরামর্শকে উপেক্ষা করেছেন।
‘প্রথমত, আমরা ইসরায়েলকে অনুমোদন করি না, আমরা তাদের পরামর্শ দিই। আর আজ কোনো বড় ঘটনা ঘটবে না,’ বলেন বাইডেন।
এর আগে, বাইডেন বুধবার বলেছিলেন যে, তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের আক্রমণকে সমর্থন করছেন না।
গত মঙ্গলবার ইরান প্রায় ২০০টি রকেট ছুঁড়ে ইসরায়েলের ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র আক্রমণ চালায়। এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু জানান, তেহরানকে এর মূল্য দিতে হবে।
ইরান এই হামলা হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর হত্যার প্রতিশোধ হিসেবে দাবি করেছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে চালানো আক্রমণের প্রতিশোধের অংশ হিসেবেই হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছুঁড়তে শুরু করে। সেই হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় প্রতিশোধমূলকভাবে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র : এএফপি