সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ইসরায়েলের আগ্রাসনে গাজায় লাশের পাহাড়, শিশুদের কান্নায় ভারী আকাশ!
ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে দখলদার ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে, যাতে নিহত হয়েছে দুই শতাধিক নিরীহ ফিলিস্তিনি, যার মধ্যে রয়েছে বহু শিশু। আহতের সংখ্যা লাফিয়ে বেড়েই চলেছে।
গত ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস আকস্মিকভাবে ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে হামলা চালায়, যেখানে ১ হাজার ১৩৯ জন নিহত হয়। সেই ঘটনায় দুই শতাধিক মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এরপরই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল।
অভিযানের নামে গাজাকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। উপত্যকার এমন কোনো স্থান নেই যেখানে বোমা পড়েনি—স্কুল, হাসপাতাল, মসজিদ, আবাসিক ভবন, সবই গুঁড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী।
গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৪৮ হাজার ৫৭২ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ১ লাখ ১২ হাজার ৩২ জন।
তবে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, প্রাণ হারিয়েছেন ৬১ হাজার ৭০০ জনের বেশি। নিখোঁজ হাজারো মানুষও হয়তো আর বেঁচে নেই।
অন্যদিকে, ইসরায়েল দাবি করছে, হামাসের শীর্ষ নেতাদের টার্গেট করেই এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাস আবার হামলার প্রস্তুতি নিচ্ছিল।
সূত্র: আল-জাজিরা।