সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নতুন এইচএমপিভি ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি পূর্ব এশিয়ার দেশ চীন ও জাপানে ভাইরাসটির সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ভাইরাসটি কতটা ক্ষতিকারক হতে পারে তা নিয়ে নানা গুঞ্জন উঠলেও, এবার ভারতেও দুই শিশুর শরীরে এইচএমপিভি শনাক্ত হওয়ার খবর এসেছে। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারে এই তথ্য প্রকাশিত হয়েছে।
সংবাদমাধ্যমটি জানাচ্ছে, ৬ জানুয়ারি সোমবার বেঙ্গালুরুতে তিন মাস বয়সী এক শিশু ও আট মাস বয়সী আরেক শিশুর শরীরে এই হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি শনাক্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত শিশু ও তাদের পরিবারের সদস্যদের কোনো ধরনের বিদেশ সফরের তথ্য পাওয়া যায়নি। এছাড়া, এইচএমপিভি ভাইরাসের যে স্ট্রেন দুটি শিশু আক্রান্ত হয়েছে, তা চীনে ছড়ানো ভাইরাসের সঙ্গে সম্পর্কিত কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বেঙ্গালুরুর দুই শিশুর মধ্যে এই ভাইরাসের উপস্থিতি জানাজানি হওয়ার পর এলাকায় কিছুটা আতঙ্ক দেখা দেয়। তবে পরে রাজ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, এতে ভয় পাওয়ার মতো কিছু নেই এবং দুই শিশুর অবস্থা স্থিতিশীল। তিন মাস বয়সী শিশুটিকে ইতোমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আট মাস বয়সী শিশু সুস্থ হয়ে উঠছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীনে এইচএমপিভি ভাইরাসের একটি ধরন ছড়িয়ে পড়ার পর থেকেই উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে এটি নতুন কোনো ভাইরাস নয় এবং ভারতে অতীতে এর সংক্রমণ ঘটেছে। তবে ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের ধরন নিয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ কারণে, এটি কি চীনের নতুন রূপের ভাইরাস না কি সাধারণ এইচএমপিভি ভাইরাস, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে যদি এটি চীনের নতুন রূপও হয়, তবুও আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এই ভাইরাসের কারণে মৃত্যুর ঘটনা খুব কম।
সাধারণ এইচএমপিভি সংক্রমণে শ্বাসকষ্ট, জ্বর, কাশি, ঠান্ডা, মাথা যন্ত্রণাসহ পেশি এবং গাঁটবেদনা, ক্লান্তি এবং খাবারের প্রতি অনীহা দেখা দেয়। সাধারণত, এই ভাইরাসের সংক্রমণ শিশুদের মধ্যে বেশি হয়, বিশেষত ১৩ বছরের কম বয়সীদের মধ্যে। তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের মধ্যে প্রাপ্তবয়স্কদেরও এই ভাইরাস সংক্রমিত হতে পারে।