সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
কুয়েতের নতুন সিদ্ধান্তে সহজ হলো পর্যটনের দুয়ার
অনলাইন ডেস্ক
জিসিসিভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে বসবাসরত বিদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা চালুর ঘোষণা দিয়েছে কুয়েত।
গণমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, রোববার (১০ আগস্ট) কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা দেন, যা আজ সরকারি গেজেট কুয়েত আলিয়ুম-এ প্রকাশিত হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, জিসিসি অঞ্চলের যেকোনো দেশে অন্তত ছয় মাসের বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকরা কুয়েতে প্রবেশের সময় স্থল বা আকাশপথের যেকোনো বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা (অন অ্যারাইভাল) পেতে পারবেন। এই পদক্ষেপের ফলে পর্যটকদের আর দীর্ঘ ভিসা প্রক্রিয়ার ঝামেলা পোহাতে হবে না; বরং আগমনের সঙ্গে সঙ্গেই তারা ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা উপভোগ করতে পারবেন।