শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ঘুষ প্রদান এবং ব্যবসায়িক নথি জালিয়াতির মামলার চাপ থেকে আপাতত মুক্তি পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এক বিচারক ট্রাম্পের আইনজীবীদের মামলার কার্যক্রম বন্ধ করার আবেদন নাকচ করে দিয়েছেন।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে যৌন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা না বলার শর্তে ১ লাখ ৩০ হাজার ডলার পরিশোধ করেন ট্রাম্প। এই অর্থ ড্যানিয়েলসের হাতে তুলে দেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। ব্যবসায়িক নথি জালিয়াতির মাধ্যমে বিষয়টি গোপন রাখা হয়। এই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ আনা হয় এবং নিউইয়র্কের একটি আদালত গত মে মাসে তাঁকে এসব অভিযোগে দোষী সাব্যস্ত করে। এরপর ১১ জুলাই আদালত তাঁর শাস্তি ঘোষণার দিন নির্ধারণ করে।
তবে এরই মধ্যে মার্কিন সুপ্রিম কোর্ট একটি আদেশ জারি করে। সেই আদেশে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ট্রাম্পের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের জন্য তাঁকে দায়মুক্তি দেওয়া হবে।
এই আদেশের ওপর ভিত্তি করে ট্রাম্পের আইনজীবীরা আদালতে মামলাটি বাতিলের আবেদন করেন। তাঁদের যুক্তি ছিল, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ট্রাম্প এই বিচারের আওতায় পড়েন না। তা ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এ অবস্থায় মামলার কারণে তাঁর শাসন কার্যক্রম ব্যাহত হতে পারে।
নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি শপথ নেবেন।
এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার দিন ছিল ২৬ নভেম্বর। তবে ৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ায় বিচারপতি হুয়ান মার্চান সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন।
গতকাল দেওয়া ৪১ পাতার আদেশে বিচারপতি মার্চান উল্লেখ করেন, ‘ট্রাম্প পরিষ্কারভাবে ব্যক্তিগত স্বার্থে ব্যবসায়িক নথি জালিয়াতির সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই এই মামলার বিচার তাঁর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোনো বাধা সৃষ্টি করবে না।’
এই রায়ের বিষয়ে ট্রাম্পের আইনজীবীরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।