রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আরও ৮১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গাজীপুর নগর থেকে ৬৯ জন ও জেলা থেকে ১২ জনকে আটক করা হয়। এ নিয়ে গাজীপুরে গত তিন দিনে আটক ও গ্রেপ্তার হলেন মোট ২৪৬ জন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন আটটি থানায় অভিযান চালিয়ে নতুন করে ৬৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই গ্রেপ্তারি অভিযান চালানো হচ্ছে। নতুন করে ১২ জনকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলা চালানো হয় এবং তাদের আটকে মারধর করা হয়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হন। পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে, বলে গণমাধ্যমে জানা গেছে।