বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
অবৈধ স্থাপনা খালে, জলাবদ্ধতা নিয়ে সতর্ক হোন এখনই!
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি প্রতিনিধি
স্থানীয় জনগণের প্রতিবাদ ও পরিবেশগত ঝুঁকিকে উপেক্ষা করে সরকারি খাল ভরাট করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা সদরস্থ বাস টার্মিনাল এলাকায় অতীব জনগুরুত্বপূর্ণ একটি
খালের উপর বাঁশ ও কাঠের খুঁটি দিয়ে তৈরি হচ্ছে বিতর্কিত এ স্থাপনাটি।
স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, এই স্থাপনাটি খালের পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করা শুরু করেছে ইতোমধ্যে। গত দু-তিন দিনের সামান্য বৃষ্টিপাতেই এটা প্রমাণিত হয়েছে। সাধারণ মানুষেরা জানান, এই খালটি বহু বছর ধরে এলাকার পানি নিষ্কাশন ও কৃষিকাজে ব্যবহৃত হয়ে আসছে। বর্ষা মৌসুমে এই খাল দিয়ে অতিরিক্ত পানি বের হয়ে যেত, যা এলাকার জলাবদ্ধতা প্রতিরোধে সহায়ক ছিল। কিন্তু এখন সেই খাল ভরাট করে স্থাপনা গড়ে তোলায় ভবিষ্যতে মহালছড়ি উপজেলা
সদরের মাস্টার পাড়াসহ বেশ কয়েকটি এলাকার ফসলি জমিতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় প্রশাসনের কাছে বারবার অভিযোগ করে ও কোন প্রতিকার না পাওয়ায় হতাশ হয়ে এলাকাবাসী স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিকট এ ব্যপারে অভিযোগ করেন। এলাকাবাসীরা দাবী করেন, অনতিবিলম্বে দখলকৃত খাল প্রভাবশালী অবৈধ দখলদারদের হাত থেকে উদ্বার করে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক করতে হবে।
এলাকার পরিবেশ সচেতন ব্যক্তিরা দ্রুত সময়ের মধ্যে এই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে খাল পুনরুদ্ধারের দাবি করেছেন। তারা প্রশাসনের কাছে দাবি করেন যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে খালটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয় এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযোগের বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, তিনি মহালছড়ি উপজেলায় নতুন যোগদান করেছেন। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনী পদক্ষেপের মাধ্যমে অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি খাল উদ্ধার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।