সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
চোখ শুধু আত্মার আয়না নয়, এখন আপনার বয়সও বলে দেবে
অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানুষের শারীরিক তথ্য বিশ্লেষণের উপায় পাল্টে যাচ্ছে। চীনের একদল গবেষক তৈরি করেছেন এমন এক অত্যাধুনিক এআই (AI) মডেল, যা শুধু চোখের রেটিনার ছবি বিশ্লেষণ করেই নির্ধারণ করতে পারে আপনার প্রকৃত বয়স! শুধু তাই নয়, এই প্রযুক্তি ভবিষ্যতে নারীদের প্রজনন স্বাস্থ্য, এমনকি বার্ধক্যজনিত রোগের আগাম পূর্বাভাস দিতেও পারবে।
এই এআই মডেলটির নাম ‘ফ্লেক্স’ (FLEX), যার পুরো রূপ ‘ফ্রোজেন অ্যান্ড লার্নিং এনসেম্বল ক্রসওভার’। গবেষকেরা ১০ হাজারের বেশি মানুষের চোখের ২০ হাজারের বেশি ছবি এবং প্রায় ১ হাজার ৩০০ প্রি-মেনোপজাল নারীর ২ হাজার ৫০০ রেটিনা ছবি বিশ্লেষণ করে এই মডেলকে প্রশিক্ষিত করেছেন। ফ্লেক্স মূলত রেটিনার ফান্ডাস ইমেজ (চোখের পেছনের অংশে থাকা রক্তনালির চিত্র) বিশ্লেষণ করে ‘রেটিনাল এজ’ নির্ধারণ করে।
রেটিনাল এজ গ্যাপ—এই শব্দটি নতুন হলেও এর গুরুত্ব বিশাল। সহজভাবে বললে, আপনার চোখের বয়স ও প্রকৃত বয়সের মধ্যে যে পার্থক্য, সেটিই হলো রেটিনাল এজ গ্যাপ। যদি আপনার রেটিনার বয়স প্রকৃত বয়সের চেয়ে বেশি হয়, তবে ধরে নেওয়া যায়, শরীরের অন্যান্য অঙ্গও তুলনামূলক দ্রুত বার্ধক্যের পথে রয়েছে।
বিশেষ করে নারীদের ক্ষেত্রে রেটিনার বয়স তাদের সন্তান ধারণের সক্ষমতা সম্পর্কে আগাম ইঙ্গিত দিতে পারে। গবেষণায় দেখা গেছে, যেসব নারীর রেটিনাল এজ বেশি, তাঁদের দেহে ‘অ্যান্টি-মুলেরিয়ান হরমোন’ (এএমএইচ) তুলনামূলক কম থাকে। এএমএইচ হলো সেই হরমোন, যা ডিম্বাণুর রিজার্ভ বোঝাতে ব্যবহৃত হয়। কম এএমএইচ মানে গর্ভধারণের সম্ভাবনাও কম।
৪০ থেকে ৫০ বছর বয়সী নারীদের ওপর করা গবেষণায় দেখা যায়, রেটিনার প্রতিটি অতিরিক্ত বছর ৪০–৪৪ বছর বয়সীদের ক্ষেত্রে গর্ভধারণক্ষমতা কমিয়ে দেয় ১২ শতাংশ, আর ৪৫–৫০ বছর বয়সীদের ক্ষেত্রে তা বেড়ে দাঁড়ায় ২০ শতাংশে। অর্থাৎ আপনার চোখই আগেভাগেই বলে দেবে, শরীরের কোথায় কোন বিপদের বার্তা লুকিয়ে আছে।
গবেষকেরা জানাচ্ছেন, এই এআই মডেল ভবিষ্যতে শুধু বয়স নয়, ডায়াবেটিস, হৃদ্রোগ, স্নায়বিক সমস্যার মতো অসুখও চিহ্নিত করতে পারবে। যদিও এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এই গবেষণা, তবে প্রযুক্তির এই প্রয়োগ চিকিৎসা জগতে এক বৈপ্লবিক পরিবর্তনের আভাস দিচ্ছে।
যদি চোখ সত্যিই মনের জানালা হয়, তবে আজকের বিজ্ঞান বলছে—চোখ শরীরের সময়ের ক্যালেন্ডারও।