শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
পাকাকলার সঙ্গে পেটে ইয়াবা ভরে বগুড়ায় আসার পথে ধরা খেলো চতুর মাদক ব্যবসায়ী!
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় অভিনব কায়দায় পাকাকলার সাথে গিলে পেটের মধ্যে করে ইয়াবা বহন করার সময় আলম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়। মূল আসামির পেট থেকে ১৭টি পোটলা থেকে ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে বগুড়ার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতার আলম জয়পুরহাট জেলার কালাই থানার জামুড়া গ্রামের সামাদের ছেলে। তার পেটের ভেতরে ৩৪টি পোটলায় মোট ১ হাজার ৭০০ পিস ইয়াবা ঢুকিয়ে টেকনাফ থেকে বাসে করে বগুড়ায় নিয়ে আসেন।
তার অপর দুইজন সহযোগী হলেন মো. আপেল (৩৫) ও তার স্ত্রী সাবেক কাউন্সিলর যুবলীগনেতা মতিন সরকারের বড় ভাই জাহাঙ্গীরের মেয়ে মোছা. স্মৃতি বেগম (৩০)। তারা দুজনেই বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় জনৈক পারভীনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, আলমের পেট থেকে এখন পর্যন্ত ১৭টি ইয়াবার পোটলা উদ্ধার করা হয়েছে। বিশেষ চিকিৎসকের সহায়তায় অবশিষ্ট পোটলা গুলো উদ্ধারে প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।