শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
মোঃ শাকিল, জামালপুর
জামালপুরের ইসলামপুরে চর পুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মোঃ আব্দুল খালেককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ায় থানার ওসিকে বদলির হুমকি দিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।
গত শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চর পুটিমারী বেনুয়ারচর এলাকা থেকে আব্দুল খালেককে গ্রেফতার করে ইসলামপুর থানা পুলিশ। জানা যায়, গত ১১ মার্চ বেনুয়ারচর এলাকায় সংঘটিত একটি মারামারির ঘটনায় দায়ের করা মামলায় ১১ নম্বর আসামি ছিলেন আব্দুল খালেক।
গ্রেফতারের পরপরই তাকে ছাড়ানোর জন্য তদবির শুরু করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন। তবে, ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ আসামিকে ছাড়তে রাজি না হওয়ায় তাকে বদলির হুমকি দেন যুবদল নেতা। তিনি দাবি করেন, আব্দুল খালেক রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং তিনি একজন সাধারণ মানুষ।
এদিকে, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ সাইফ জানান, আব্দুল খালেকের বিরুদ্ধে থানায় মামলা থাকায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারের পরই উপজেলা যুবদলের ওই নেতা তাকে বদলির হুমকি দেন এবং স্বরাষ্ট্র সচিবের কাছে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বদলি করানোর কথা বলেন।
এই ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত যুবদল নেতা হামিদুর রহমান মলিনের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।